হেফাজত নেতা সাখাওয়াতসহ ৩ জন ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ এই তিনজনকে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম।

গত বুধবার রাতে রাজধানীর লালবাগ এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীকে (৪৩) গ্রেপ্তার করে পুলিশ। তাকে সম্প্রতি রাজধানীতে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় নাশকতার ঘটনায় সাখাওয়াত হোসাইনকে খুঁজছিল পুলিশ। সাখাওয়াত হোসাইন রাজী লালবাগের একটি মাদ্রাসার শিক্ষক। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা রয়েছে।

গত ১৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে আটক করে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

গত ১৪ এপ্রিল বুধবার হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

গত ১৩ এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকা মীর হাজিরবাগ থেকে শরিফউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের শাপলা চত্বরে অবস্থানের যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।

মঞ্জুরুল আফেন্দীকে আটকের দাবি : হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গত বুধবার রাতে হাতিরপুলের নিজ বাসা থেকে সাদা পোশাকের লোকজন তুলে গিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাকি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।’

পুরান ঢাকার ইসলামবাগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওমর আলী জানান, মাওলানা আফেন্দীকে তুলে নিয়ে যাওয়ার পর তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাদা পোশাকধারীরা মাওলানা আফেন্দীর বাসার সবার মোবাইল ফোন নিয়ে গেছেন বলে জানিয়েছেন তার বাসার দারোয়ান।

তবে আফেন্দীকে আটকের বিষয়টি স্বীকার করেননি ডিবির দায়িত্বশীল কোনো কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত