সিসিমপুরে যুক্ত হন ২০০৮ সালে। এরপর এক যুগেরও বেশি সময় ধরে সিসিমপুরের জনপ্রিয় ‘হালুম’ চরিত্রে কণ্ঠ অভিনয় করছেন আশরাফুল আশীষ। অসংখ্য বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত তিনি। থিয়েটারও করছেন।
আশীষ জানান, অভিনয় নিয়ে তার যত স্বপ্ন ও ধ্যান-জ্ঞান। বলছিলেন, “অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি খালেদ খানকে দেখে। কিন্তু প্রতিবন্ধকতা দাঁড়ায় উচ্চারণ। এজন্য আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের সঙ্গে যুক্ত হই। সেখানে ২ বছর যুক্ত থাকার পর গুরু খালেদ খানের পরামর্শে যোগ দেই দেশ নাটকে। সেই থেকে দেশ নাটকের সঙ্গেই মঞ্চে যুক্ত আছি।”
টাঙ্গাইলের মির্জাপুর থানার মসদই গ্রামের ছেলে আশীষ ১৯৯৯ সালে এসএসসি পাশ করার পরই ঢাকায় আসেন। ঢাকায় এসে নন্দিত অভিনেতা খালেদ খানের সান্নিধ্য পান এবং তাকে দেখেই অভিনয় করার আকাঙ্ক্ষা জাগে।
দেশ নাটকের বেশ কয়েকটা প্রযোজনায় অভিনয় করেছেন আশীষ। তার মধ্যে উল্লেখযোগ্য— অরক্ষিতা, জনমে জন্মান্তর, বিরসা কাব্য, ভক্ত, সুরগাঁও। পরবর্তী সময়ে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে অভিনয় শুরু করেন। এর মধ্যে বিকাশের বিজ্ঞাপনের মাধ্যমে নজর কাড়েন তিনি। তার উল্লেখযোগ্য টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে পরের মেয়ে, প্রিয় দিন প্রিয় রাত ও তুমি আছো তাই।
বর্তমানে বেশ কিছু খণ্ড নাটক এবং ধারাবাহিকে অভিনয় ব্যস্ত সময় কাটছে এই অভিনেতার। প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে রয়েছে ১০০ তে ১০০, চাঁন বিরিয়ানি, তোলপাড়, ছোটভাই পাওয়ার্ড বাই বড়ভাই, গুড়েবালি। এছাড়া জামাই হতে সাবধান, বাঁশের চেয়ে কঞ্চি বড় নাটকগুলোতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যার নাম ‘বিলাপ’।
