বিচারিক আদালত

ভার্চুয়াল শুনানিতে তিন কার্যদিবসে ৭ হাজার ২০০ হাজতির জামিন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০১:৫৫ এএম

সারা দেশের বিচারিক আদালতে ভার্চুয়াল শুনানিতে তিন কার্যদিবসে ৭ হাজার ২০৪ জন কারাবন্দি আসামি জামিন পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ তথ্য  জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারা দেশে বিচারিক আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল  আদালতগুলোতে ২ হাজার ৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৫ হাজার ১১০টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৩ হাজার ২৪০ জন এবং ১৫ এপ্রিল ৩ হাজার ৯৮৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ২ হাজার ৩৬০ জনসহ মোট ৭ হাজার ২০৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মানুষের চলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। এর মধ্যে গত ১৪ এপ্রিল থেকে নতুন করে বিধিনিষেধ জারি করে সরকার। এ পরিস্থিতিতে গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বিচারিক আদালতগুলোকে ১২ এপ্রিল থেকে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দেয়। এরপর ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ফৌজদারি মামলার আসামিকে কারাগারে রেখে ভার্চুয়ালি সংশ্লিষ্ট বিচারক রিমান্ড শুনানি করতে পারবেন। এ ছাড়া হাজতি আসামিদের আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানি করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত