প্রতি ১০ ঘণ্টায় চীনের বিরুদ্ধে নতুন তদন্তে নামে এফবিআই

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই প্রতি ১০ ঘণ্টায় চীনের বিরুদ্ধে একটি করে নতুন তদন্ত শুরু করছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটের গোয়েন্দা কমিটির সদস্যদের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার রে। চীন সরকার সংশ্লিষ্ট দুই হাজারের বেশি তদন্ত বর্তমানে চলছে বলেও জানান তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে হুমকিবিষয়ক এক বার্ষিক সিনেট শুনানিতে বুধবার অংশ নেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও তার কাছে চীন ও রাশিয়ার প্রভাববিস্তারকারী পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে ক্রিস্টোফার রে বলেন, ‘আমি মনে করি না কোনো দেশই আমাদের উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি খুব বেশি হুমকি তৈরি করতে পারে। আর আমাদের ব্যবসা, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও সরকারের সবপর্যায়ে প্রভাব বিস্তারে তাদের হাতে থাকা সব সরঞ্জামই বিস্তৃত এবং সবসময়ই সচল।’

গত বছর এফবিআইয়ের এক অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে হুমকি কিংবা হয়রানি করার চেষ্টায় অভিযুক্ত হয়েছে চীনের বেশ কয়েকজন নাগরিক। যুক্তরাষ্ট্রে চীনা এজেন্ট হিসেবে কাজ করে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত হয়েছে আট ব্যক্তি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটন ও পেইচিংয়ের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। জিনজিয়াংয়ের মানবাধিকার হরণ, হংকং, বাণিজ্য বিরোধ, মহামারী নিয়ে অস্বচ্ছতাসহ বেশকিছু ইস্যুতে এ বিরোধ ব্যাপক আকার নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত