বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের সংখ্যা বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাস তাদের ফেইসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে করোনাভাইরাস সংক্রমণসংক্রান্ত নেগেটিভ সনদ নিয়ে পৌঁছার পরও কিছু যাত্রীর টেস্ট রিপোর্ট পজিটিভ আসার প্রেক্ষাপটে বাংলাদেশিদের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে ঠিক কতজন যাত্রীর সেখানে পৌঁছার পর কভিড পজিটিভ রিপোর্ট এসেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।
নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসা যাত্রীদের মধ্যে কভিড-১৯ পজিটিভ শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ ১৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
