২০২১ সালের প্রথম প্রান্তিক

সিঙ্গারের মুনাফায় উল্লম্ফন

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০১:০৬ এএম

করোনাভাইরাসের অতিমারির মধ্যেও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পণ্য বিক্রি বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির পণ্য বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটির নিট মুনাফায় উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি প্রথম প্রান্তিকে সিঙ্গারের নিট মুনাফা বেড়েছে ৫২ শতাংশ।

কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। সিঙ্গারের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, পণ্য বিক্রি বৃদ্ধির পাশাপাশি সুদ বাবদ ব্যয় কমায় নিট মুনাফা বেড়েছে। এ সময় সিঙ্গারের পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ৩৭৬ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৬ কোটি ৪২ লাখ টাকা। চলতি প্রথম প্রান্তিকে উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি পরিচালন ব্যয়ও বেড়েছে। ২০২০ সালের প্রথম প্রান্তিকে মোট বিক্রির ৭৩ দশমিক ৭৪ শতাংশ ছিল উৎপাদন, যা চলতি প্রথম প্রান্তিকে ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। এ সময়ে পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ।

চলতি প্রথম প্রান্তিকে পরিচালন মুনাফা হয়েছে ৩২ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটি সুদ বাবদ ব্যয় করেছে ৫ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। কর পরিশোধের পর চলতি প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের নিট মুনাফা হয়েছে ১৮ কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি। আগের বছরের প্রথম প্রান্তিকে সিঙ্গারের নিট মুনাফা হয়েছিল ১১ কোটি ৮৯ লাখ টাকা। সিঙ্গারের নিট মুনাফা বাড়লেও চলতি প্রান্তিকে সম্পদ মূল্য কিছুটা কমেছে। মূলত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস লিমিটেডের লোকসান বাড়ায় সম্পদ মূল্য কমেছে। চলতি প্রথম প্রান্তিকে সিঙ্গারের শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৪ পয়সা, যা আগের ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিল ৩৪ টাকা ৬৬ পয়সা।

পর্যালোচনায় দেখা গেছে, গত কয়েক বছর ধরেই পণ্য বিক্রি থেকে সিঙ্গারের আয় ও নিট মুনাফা বাড়ছে। তবে করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে দীর্ঘদিনের লকডাউনে নিট মুনাফায় ধাক্কা খায় কোম্পানিটি। যদিও এ সময় পণ্য বিক্রির আয় খুব একটা কমেনি। ২০১৫ সালে পণ্য বিক্রি থেকে সিঙ্গারের আয় ছিল ৬৯১ কোটি টাকা, যা পাঁচ বছরের ব্যবধানে ২০২০ সালে দেড় হাজার কোটি টাকায় উন্নীত হয়। এ সময়ের মধ্যে কোম্পানির নিট মুনাফা ৩৬ কোটি টাকা থেকে ৭৮ কোটি টাকায় উন্নীত হয়।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত