রশিদ-নবিদের সাথে রোজা রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৬:২২ পিএম

রমজানে অনেক মুসলিম খেলোয়াড়ই রোজা রেখেই খেলে থাকেন। চলতি আইপিএলে যেমন নিয়মিত রোজা রাখছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা আফগানিস্তানের তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান। ইফতার শেষে সন্ধ্যায় আইপিএলের ম্যাচও খেলতে নামছেন তারা।

অন্য ধর্মের হলেও তাদের সঙ্গে রোজা রাখলেন সানরাইজার্স হায়দরাবাদে খেলা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

রবিবার রাতে আফগানিস্তানে স্পিনার রশিদের দেয়া একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে উইলিয়ামস-ওয়ার্নারও রোজা রেখেছেন। ভিডিওতে দেখা যায় রশিদ ওয়ার্নারকে জিজ্ঞেস করছেন, ‘ওয়ার্নার, আজকে তোমার রোজা কেমন লাগলো? হাসতে হাসতে ওয়ার্নার বললেন, খুব ভালো। তবে এখন খুব তৃষ্ণা পেয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে। আমার গলা একদম শুকিয়ে গেছে।’

উইলিয়ামসনকেও একই প্রশ্ন করেন রশিদ। উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমারও খুব ভালো লাগছে।’ উল্লেখ্য, উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম একজন মুসলিম।

পরে ভিডিওর শেষে রশিদ বলেন, ‘আজকে আমাদের সাথে না খেয়ে রোজা ছিলেন উইলিয়ামসন-ওয়ার্নার। ইফতারের টেবিলে তাদেরকে পেয়ে ধন্য মনে করছি। তখন পাশ থেকে ওয়ার্নার বলেন, ‘রোজা রাখা কঠিন, সত্যিই অনেক কঠিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত