পঞ্চগড়-ঢাকা রুটে চালু হলো কৃষি পণ্যবাহী ট্রেন

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:৪৭ এএম

করোনাকালীন সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্শ্বেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে গতকাল সোমবার থেকে পঞ্চগড়-ঢাকা রুটে ট্রেন চালু করেছে। বেলা দুইটায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, স্টেশন মাস্টার মাসুদ পারভেজ ও সবজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড়ে উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, শিম, মিষ্টিকুমড়া, কাঁঠালসহ বিভিন্ন শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হয়। প্রথম দিনেই পঞ্চগড়ের চারজন ব্যবসায়ী শসা, টমেটো, বেগুন ও শুকনা মরিচসহ তিন মেট্রিক টন সবজি পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত