‘খাদ্য নিরাপত্তাকে টেকসই করবে ব্রি উদ্ভাবিত জাত’

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:০৩ এএম

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম বলেছেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন নতুন অভিঘাত সহনশীল ও উচ্চ ফলনশীল জাতগুলো দেশের খাদ্য নিরাপত্তাকে টেকসই করবে এবং ভবিষ্যতে খাদ্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

গতকাল সোমবার ব্রি উদ্ভাবিত উচ্চ তাপ সহনশীল ধানের প্রস্তাবিত জাত এবং বাসমতি টাইপ ধান, হাইব্রিড ধানের গবেষণা ও বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন জাতের প্লটগুলো পরিদর্শন শেষে ব্রি প্রশিক্ষণ কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর সচিবকে বিভিন্ন গবেষণা প্লট সম্পর্কে ব্রিফ করেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমাদের দেশের কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী চাষাবাদ প্রক্রিয়ায় রূপান্তর বা পরিবর্তন নিয়ে আসছেন। ধানের জমি অনেক ক্ষেত্রে হাই ভ্যালু ফসলের জন্য ছেড়ে দিতে হচ্ছে। এখন আমাদেরকে অল্প জমিতে অধিক ধান ফলাতে হবে। এজন্য অভিঘাত সহনশীল ও উচ্চ ফলনশীল জাত ব্যবহার করতে হবে। তিনি বলেন, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। এখন মানুষ সরু চাল খেতে পছন্দ করে। আগে সরু ও সুগন্ধি ধানের জাতগুলো যেখানে হেক্টরপ্রতি ২-৩ টন ফলন দিত, এখন ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল সুগন্ধি জাতগুলো ৫-৬ টন ফলন দিচ্ছে; যা আশাব্যঞ্জক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত