ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল
সোমবার করোনা শনাক্ত হওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রবীণ এই রাজনীতিকের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়েছে।
ইন্ডিয়া টুডে এক খবরে বলেছে, গত রবিবারই করোনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন মনমোহন সিং। সেই চিঠিতে তিনি কভিড নিয়ন্ত্রণে পাঁচটি পরামর্শ দেন। পাঁচ পাতার ওই চিঠিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা পরামর্শ দেন সংখ্যার দিকে না তাকিয়ে জনসংখ্যার অধিক শতাংশকে টিকা দেওয়া উচিত।
ওই চিঠিতে মনমোহন সিং লেখেন, স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যে রাজ্যে ভ্যাকসিন বণ্টন সংক্রান্ত কেন্দ্রের পরিকল্পনা সামনে আনা হোক। পাশাপাশি সামনের সারির কর্মী হিসেবে কাদের গুরুত্ব দেওয়া হবে, সেই বিষয়ে বিবেচনার ভারও যাতে রাজ্যের ওপর ছাড়া হয় সে পরামর্শ মনমোহন সিংয়ের। তিনি চান, এ ক্ষেত্রে রাজ্য যেন বয়সের ঊর্ধ্বসীমা ৪৫-এর কম করার কথাও বিবেচনা করে মোদি সরকার। এবং এই তালিকার মধ্যে অটোচালক, বাসচালক, স্কুলশিক্ষকদের আনার কথাও লিখেছেন মনমোহন সিং। ভ্যাকসিনের জোগান বাড়াতে বাজারে কোভিশিল্ড-কোভ্যাকসিন বাদ দিয়ে অন্য সংস্থার ভ্যাকসিনও আনতে হবে বলেও জানান সাবেক প্রধানমন্ত্রী।
