যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গত রবিবার এসব সহিংসতার সর্বশেষ ঘটনাটি ঘটেছে লুইজিয়ানায়। কেএসএলএ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
লুইজিয়ানার উত্তর-পশ্চিমের শ্রেভেপোর্ট শহরে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। হাসপাতালে ভর্তিদের প্রকৃত সংখ্যা বা তাদের অবস্থা কেমন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওকসনার্স এলএসইউ হেলথসহ স্থানীয় অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সন্ধ্যায় রাস্তায় একটি যানজটের খবর আমরা পাই। ওই যানজটের সময় একাধিক গুলির শব্দ শোনা গেছে।’ স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন। শ্রেভেপোর্টে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় অস্টিনের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনায় তিনজন নিহত হন। এ ছাড়া একই দিনে উইসকনসিনের কেনোশা কাউন্টিতে অপর এক গুলির ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দিন ধরেই টানা গোলাগুলির ঘটনা ঘটছে। ইন্ডিয়ানাপোলিসের ফেডএক্স সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে সাত ব্যক্তি নিহত হয়েছেন। ওই হামলার ঘটনায় দেশটিতে চলমান এশীয়-বিদ্বেষের বিষয়টি ফের সামনে এসেছে। কারণ ইন্ডিয়ানাপোলিসে নিহতদের মধ্যে চারজনই ভারতীয়।
