চিকিৎসক হয়রানির প্রতিবাদ বিএমএ ও বিএসএমএমইউর

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৬:২৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনিকে ‘পুলিশি হয়রানি’র প্রতিবাদ জানিয়েছে বিএসএমএমইউ। একই সঙ্গে  স্বাস্থ্যকর্মীদের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে তারা। এছাড়া চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা চিকিৎসক হয়রানির প্রতিবাদ জানিয়েছে। চলমান বিধিনিষেধে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যাওয়ার পথে ‘নিগ্রহ’ ও ‘হয়রানি’র শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে এসব সংগঠন।

গতকাল সোমবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে চিকিৎসক হয়রানির ঘটনা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পাশাপাশি গত রবিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএসএমএমইউর এক চিকিৎসককে হয়রানির ঘটনার দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিএমএ।

বিএসএমএমইউর রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনিকে ‘হেনস্তা’র প্রতিবাদ জানিয়েছে স্বাচিপের বিএসএমএমইউ শাখা। গত রবিবার এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র দেখতে চাওয়া নিয়ে ডা. জেনির সঙ্গে পুলিশের তর্ক হয়, যা একপর্যায়ে উত্তপ্ত বিত-ায় রূপ নেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

এ ঘটনায় বিএসএমএমইউ প্রতিবাদলিপিতে বলা হয়, ‘দেশের এই ক্রান্তিলগ্নে দেশ সেবায় নিবেদিত চিকিৎসককে অপমান ও অপদস্থ করার কারণে চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, যা দেশব্যাপী চিকিৎসাসেবা ব্যাহত করার শঙ্কা সৃষ্টি করেছে। এমতাবস্থায় অত্র প্রতিষ্ঠান উক্ত ঘটনার মাধ্যমে একজন নারী চিকিৎসককে হয়রানি করার ঘটনার প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে চলমান করোনা চিকিৎসার স্বার্থে স্বাস্থ্যকর্মীগণের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।’ 

বিএমএ বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে। এতে বলা হয়, ‘চলমান লকডাউন চলাকালীন সময়ে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কর্মস্থলে যাওয়ার সময় দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কর্র্তৃক ‘হয়রানি’ ও ‘নিগ্রহের’ শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কগ্রস্ত ও হতাশ হয়ে পড়ছেন।’

ওই ঘটনার খবর ও আংশিক ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘নিজ গাড়িতে কর্মরত চিকিৎসা প্রতিষ্ঠানের স্টিকার লাগানো এবং নিজের নামাঙ্কিত চিকিৎসক গাউন পরিহিত অবস্থায় পরিচয় দেওয়ার পরেও তাকে আক্রমণাত্মকভাবে জেরা করে উত্ত্যক্ত ও হেনস্তা করা দেশবাসী প্রত্যক্ষ করেছে। চিকিৎসকের এতগুলো পরিচয় দেওয়ার পরেও কেবলমাত্র মুভমেন্ট পাস ও প্রাতিষ্ঠানিক আইডি কার্ডের নামে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।’

দেশের বেশিরভাগ চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে জড়িত উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, তারা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না। ফলে তাদের কোনো প্রাতিষ্ঠানিক আইডি কার্ড নেই। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান করেছে বিএমএ।

এলিফ্যান্ট রোডের ঘটনায় স্বাচিপের বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিভজী ও সদস্য সচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এই ঘটনাকে ‘সংবেদনশীল’ উল্লেখ করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কাছে দাবিও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত