ভালুকায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ২

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০২:১৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় আসাদুল ইসলাম (৪৮) নামে এক পোল্ট্রি খাদ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার ধীতপুর গ্রামে।

নিহত আসাদুল উপজেলার ভাওয়ালিয়াবাজু গ্রামের শামছুদ্দিনের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার ভাওয়ালিয়াবাজু থেকে অটোযোগে পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলাম তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ধীতপুর আকন্দ বাড়ির সামনে গিয়ে নামেন।

এ সময় ৩/৪ যুবক আসাদুলের উপর ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আসাদুলকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসাদুলের ভাই ও মামলার বাদী নাজমুল হক জানান, বেশ কয়েকদিন পূর্বে ধীতপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মেহেদীর (২০) সাথে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে সোমবার সন্ধায় তার ভাই শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে অটো থেকে নামামাত্রই মেহেদী, সাব্বির ও রবিণসহ ২/৩ তার ভাইকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সাথে জড়িত সাব্বির (১৬) ও রবিনকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অপরাপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত