আমি খুব মর্মাহত হয়েছিলাম, এখন পর্যন্ত কষ্ট পাচ্ছি: নূরের মামলার বাদী

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৩:১২ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজশাহীতে জিডিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।

যুবলীগ নেতা রনি দাবি বলেন, ‘ভিপি নূর যখন বলে আওয়ামী লীগের লোক মুসলমান হতে পারে না, এটি যখন আমি শুনি তখন আমি খুব মর্মাহত হয়েছিলাম ও কষ্ট পেয়েছিলাম। এখন পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে এটির প্রতিবাদ করা দরকার।’

তিনি বলেন, ‘ভিপি নূর নিজেই আল্লাহ ও রব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার ওপর সন্দেহ করে থাকি, তাহলে আমাদের ধর্ম থাকার কথা না। ফলে আমি মনে করি সে নাস্তিক। একজন নাস্তিক কোনোভাবেই সার্টিফিকেট দিতে পারে না।’

এই যুবলীগ নেতা বলেন, ‘(তিনি) নূর চাঁদাবাজ বলেছেন আমাদের দলকে। আমাদের দলের বিরুদ্ধে কেউ মনগড়া মিথ্যা তথ্য বলে দেবে এটি আসলেই মেনে নেওয়া যায় না।’

ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩,২৫,২৮,২৯ ও ৩১ ধারায় মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এ নিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া মামলার বাদী পেনড্রাইভে যে ভিডিও দিয়েছেন, সেটি পরীক্ষা করা হবে। দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নূর যে থানা এলাকায় থাকেন, তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে।’

নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নূরকে গ্রেপ্তারের চেষ্টা করবেন বলে জানান বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত