হৃদরোগ ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৪:২৭ এএম

করোনা রোগী ভর্তি শুরু করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এ হাসপাতালে রোগী ভর্তি শুরু করেছে বলে হাসপাতালটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে রাজধানীতে করোনা চিকিৎসায় সরকারি হাসপাতালের সংখ্যা ১১টিতে পৌঁছাল। এছাড়া মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটকে অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার শুরু হয়েছে। এখানে আইসিইউসহ সব ধরনের সুবিধা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রেখে আলাদা পরিসরে করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে প্রতিষ্ঠানটি। তিনটি কভিড ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ সুবিধাসহ করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কভিড এবং নন-কভিড সকল রোগীর জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনায় এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার সংযোজন, কার্ডিয়াক সার্জারি এবং ভাসকুলার সার্জারিসহ হাসপাতালের আন্তঃবিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

রাজধানীর সরকারি অন্য করোনা হাসপাতালগুলো হচ্ছে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালীর শেখ রাসেল গ্যাসট্রোলিভার হসপিটাল, ফুলবাড়িয়া সরকারি হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাসট্রোলিভার হসপিটাল, ফুলবাড়িয়া সরকারি হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউ সুবিধা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত