যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে মস্কো ত্যাগের নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০৪:৩০ এএম

শিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মস্কো ছাড়ার নির্দেশ দেয় বলে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাসের কয়েকজন কর্মীর পাশাপাশি নিউ ইয়র্কের রুশ কনস্যুলেট প্রধানকে অবাঞ্ছিত ঘোষণার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ১০ জনকে বহিষ্কার করা হলো। এরপর মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত বার্ট গোরম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে গতকাল বৃহস্পতিবারের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে বুধবার স্টেট অব দ্য ন্যাশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘জাতীয় নিরাপত্তা’ ইস্যুতে সীমা অতিক্রম না করতে পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে দ্রুত ও ভয়াবহ।’

মূলত ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যে পুতিন তার অবস্থান স্পষ্ট করলেন। সম্প্রতি পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর বিগত সাত বছরের অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেড়েছে। এমন প্রেক্ষাপটে ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা সমাবেশ ঘটালে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা তা প্রত্যাহারের আহ্বান জানায়।

এতে ক্ষুব্ধ পুতিন বলেন, ‘আমি আশা করব রাশিয়ার রেড লাইন অতিক্রম করার ধৃষ্টতা কেউ দেখাবে না। প্রতিটি ক্ষেত্রে রেড লাইন অতিক্রমের বিষয় আমরাই নির্ধারণ করব। রাশিয়ার একান্ত নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে কেউ উসকানিমূলক হুমকি সৃষ্টি করলে মস্কো তাদের এমন অনুতপ্ত করবে, যা অতীতে তাদের কখনো পেতে হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত