হেফাজত নেতা আইয়ুবী ও সাখী রিমান্ডে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:২৮ এএম

হেফাজতের নেতা খালেদ সাইফুল্লা আইয়ুবীকে পাঁচ দিনের ও মাওলানা ইহতেশামুল হক সাখীকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।

এর আগে আইয়ুবীকে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে সাখীকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।

এদিকে হেফাজতে ইসলামের তান্ডবের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় খতমে নবুয়ত আন্দোলনের সভাপতি মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে ঢাকার বারিধারা মাদ্রাসার সাবেক মুহতামীম ও উত্তরা ১২ নম্বর সেক্টরের বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে কাসেমীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়। তার জামাতা মাওলানা ইসহাক জানান, রাতে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে নাজমুল হাসান কাসেমীকে ছেড়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত