গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:২৯ এএম

গাজীপুরের কালীগঞ্জে হত্যার পর লাশ গুমসহ ভয়ভীতি দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় নুরুল হাসান (৩৪) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন। নুরুল হাসানের বাড়ি জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও এলাকায়।

মামলার বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, ভিকটিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে। নুরুল বিভিন্ন ধরনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে প্রায় দেড় বছর আগে প্রথম ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারসহ তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে প্রায় দেড় বছর যাবৎ হত্যার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ১৫ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীর ঘরে প্রবেশ করে পুনরায় ধর্ষণের চেষ্টা করে নুরুল। এ সময় তরুণীর চিৎকারে তার স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত নুরুল দৌড়ে পালিয়ে যায়। ইতিপূর্বে ধর্ষণ হলেও তার কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। সর্বশেষ ১৫ এপ্রিল ধর্ষণচেষ্টার অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নুরুল হাসানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত