ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে এ আগুন লাগে।
হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ এনডিটিভিকে জানিয়েছেন, আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিলীপ শাহ জানান, আইসিইউতে রাত ৩টা নাগাদ আগুন লাগে। এর জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
আবিনাশ পাতিল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি রাত ৩টার দিকে এক বন্ধুর ফোন পাই, তার শাশুড়ি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে পৌঁছে আমি হাসপাতালের বাইরে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাই। নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় দ্বিতীয় তলায় ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। মাত্র দুজন নার্স দেখেছি, কোনো ডাক্তার ছিলেন না। আধঘণ্টা পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আমি আট থেকে দশটি মৃতদেহ দেখতে পেয়েছি।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানায় তার দপ্তর।
মাত্র এক দিন আগেই মহারাষ্ট্রে নাসিক শহরের একটি সরকারি কভিড হাসপাতালে অক্সিজেন সরবরাহ বি ঘ্নি ত হয়ে একসঙ্গে অন্তত ২২ জন রোগী মারা যায়। ওই হাসপাতালের সামনে একটি ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক হওয়ার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
