ভারতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে আক্রান্তদের জন্য প্রার্থনা করছেন বলে টুইট করেছেন তিনি। গতকাল শনিবার এক টুইটার বার্তায় ইমরান বলেন, ‘একটি বিপজ্জনক কভিড-১৯ ঢেউয়ের বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বজুড়ে আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের সবাইকে একসঙ্গে বিশ্বজোড়া এই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
মার্চের তৃতীয় সপ্তাহে ইমরান খান করোনাভাইরাসে হন। এখনো আইসোলেশনে আছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও ভারতসহ বিশ্ববাসীর প্রতি মহামারীর এই দুর্যোগ মোকাবিলায় সংহতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতে গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন; যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে এ পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।
