ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণায় শঙ্কা দেখা দিয়েছিল এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল ম্যাচ নিয়ে। বিতর্কিত লিগের প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের তিনটিই সেমিতে। তাদেরকে বহিষ্কারের হুমকি পর্যন্ত দিয়েছিল উয়েফা। তবে সুপার লিগ আলোর মুখ দেখেনি। আর তাই সব শঙ্কা উড়িয়ে আজ থেকে সেমিফাইনাল খেলতে নামছে চার দল। আজ আলফ্রেডো ডি স্টেফানোতে স্বাগতিক রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে চেলসির। আগামীকাল ম্যানসিটি-পিএসজি আরেক সেমিফাইনাল।
ইউরোপসেরা টুর্নামেন্টে সবচেয়ে সফল ১৩ বারের চ্যাম্পিয়ন দল রিয়াল। অপরদিকে একবার মাত্র শিরোপাজয়ী চেলসি ২০১৪’র পর এই প্রথম সেমিতে উঠেছে। সব প্রতিযোগিতা মিলে রিয়াল শেষ চার ম্যাচের তিনটি ড্র করেছে গোলশূন্য অবস্থায়। অপরদিকে চেলসি শেষ চার ম্যাচের ২টি জিতেছে, ১ ড্র ও ১ হার। হারটা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারের দ্বিতীয় লেগে ছিল পোর্তোর সঙ্গে। দুই জয়ের একটি ছিল ম্যানসিটির সঙ্গে এফএ কাপ সেমিতে। কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলে রিয়াল ৩-১-এ লিভারপুলকে হারিয়ে সেমিতে ওঠে। অপরদিকে চেলসি কোয়ার্টারে দ্বিতীয় লেগ হারের পরও দুই লেগ মিলে ২-১-এ এগিয়ে থেকে সেমিতে জায়গা করে নেয়।
রিয়াল ও চেলসি এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ইউরোপীয় প্রতিযোগিতায়। কোনোবারই জিততে পারেনি রিয়াল। দুটিতে জিতেছে চেলসি, অপরটি ড্র হয়। তবে প্রাক-মৌসুম টুর্নামেন্ট হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে দুবার জিতেছে রিয়াল। আরও একটি তথ্য দেখে খুশি হতে পারেন চেলসি সমর্থকরাÑ কোচ হিসেবে টমাস টুখেল এর আগে হারেনি রিয়ালের বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ড এবং পিএসজির কোচ হিসেবে রিয়ালের মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনটি ড্র, একটিতে জয়। এই চারবারের মধ্যে তিনবারই টুখেল রিয়ালের কোচ হিসেবে পেয়েছিলেন জিদানকে। এবার তিনি থাকছেন চেলসির ডাগআউটে।
রিয়ালের বিপক্ষে ম্যাচ খেলাটা ‘ছোটবেলার স্বপ্ন’ বলে উল্লেখ করেন টুখেল। তবে নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন তিনি। বলেন, ‘ছোটবেলা অনেকের স্বপ্ন থাকে রিয়ালের বিপক্ষে খেলা তাতে কোনো সন্দেহ নেই। এটি আমাদের সবার জন্য বড় একটি চ্যালেঞ্জ।’ রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে টুখেল বলেন, ‘সেমিতে রিয়ালের বিপক্ষে খেলাটা অবশ্যই কঠিন একটি কাজ। কারণ, এ প্রতিযোগিতায় তারা সবচেয়ে অভিজ্ঞ দল। দলটি দারুণ ফর্মে আছে। তবে আমরা আগ্রাসী খেলাটা খেলতে চাই। আমরা লড়াই করব। দেখা যাক কী হয়।’ কোচ জিদানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টুখেল। তবু সতর্ক টুখেল বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে জিদানের দারুণ রেকর্ড আছে। সে টানা তিনবার শিরোপা জিতিয়েছে দলকে, যা করাটা প্রায় অসম্ভব।’
সুপার লিগ থেকে এখনো বেরিয়ে আসেনি রিয়াল। সুপার লিগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। উয়েফা যদি কঠিন কোনো সিদ্ধান্ত নেয়, তবে আগামী মৌসুমে রিয়াল নাও থাকতে পারে এ টুর্নামেন্টেÑ এমন ধারণাও করা হচ্ছে। ম্যাচের আগে এ নিয়ে জিদানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের ম্যাচ আছে এটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। মানুষ বলাবলি করছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রিয়াল থাকবে কিনা। সেটা নিয়ে না ভেবে ম্যাচে মনোযোগী হতে হবে আমাদের। বাকি বিষয়গুলো আমাদের হাতে নই, আমি শুধু আমার মতামত দিচ্ছি। আমরা পরবর্তী চ্যাম্পিয়নস লিগেও রিয়ালকে দেখতে চাই, এটিই শেষ কথা।’
কাফ ইনজুরির কারণে এ ম্যাচেও রিয়াল পাচ্ছে না অধিনায়ক সার্জিও রামোসকে। কভিড আক্রান্ত হওয়ায় ভালভার্দে আছেন আইসোলেশনে। এ ছাড়া ইনজুরিতে আছেন ফেরলান্ড মেন্ডি। অপরদিকে চেলসির মাতেও কোভাচিচ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে আছেন।
