মহামারী করোনাভাইরাস মোকাবিলায় স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা প্রণয়ন, পর্যাপ্ত অক্সিজেন এবং দেশের সব প্রাপ্ত বয়স্ক (১৮ বছরের ঊর্ধ্বে) নাগরিকদের করোনারোধী টিকা প্রদানের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার মানবাধিকার সংস্থা ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার এ আবেদনটি করেন। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানান ব্যারিস্টার পল্লব। রিট আবেদনে স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে বিবাদী করা হয়েছে বলে জানান তিনি। এর আগে ২৪ এপ্রিল এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছিলেন দুই আইনজীবী।
আবেদনের বরাতে ব্যারিস্টার পল্লব বলেন, করোনাভাইরাসের নতুন নতুন বিধ্বংসী প্রকরণ মোকাবিলা করতে গিয়ে প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্যব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে সেখানে প্রতিদিন অসংখ্য রোগী মারা যাচ্ছে। টিকার অপ্রতুলতা, প্রয়োজনীয় ওষুধ ও হাসপাতালের স্বল্পতা বিষয়টিকে আরও মারাত্মক করে তুলেছে। তাই বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য সরকারকে এখনই সমন্বিত জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। টিকা পাওয়ার ক্ষেত্রে সরকার ৪০ বছরের বয়স সীমা নির্ধারণ করায় এর নিচের বয়সী যারা বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন, তারা দুর্গতিতে পড়েছেন। তাই করোনা চিকিৎসায় প্রয়োজনীয় পথ্য, ওষুধ, অক্সিজেন এবং ১৮ বছর বয়সী সব নাগরিকের জন্য টিকার ব্যবস্থা রাখার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
