করোনা উদ্বেগে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৮:৪৭ এএম

ভয়াবহ রূপ ধারণ করা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে ভারত। এমন দুঃসময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলমান থাকলেও সংক্রমণ উদ্বেগের কারণে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরছেন কয়েকজন খেলোয়াড়।

রাজস্থান রয়্যাল ছেড়ে আগেই দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। এবার তার সঙ্গে যোগ দিলেন তার দুই স্বদেশি অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। দুই অজি তারকা ব্যক্তিগত কারণে স্বদেশে ফিরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে তাদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এর আগে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করায় ভারতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন দিল্লি ক্যাপিটালসের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩৪ বছর বয়সী অফ-স্পিনার সোমবার টুইটারে জানান, তার পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। পরিবারের পাশে থাকতে এমন সিদ্ধান্ত তার।

রাজস্থান রয়্যালসের অজি তারকা অ্যান্ড্রু টাই সিডনির পথে উড়াল দেন রোববার। ‘জৈব-সুরক্ষা বলয় জীবনের চাপ’ এবং অস্ট্রেলিয়ার সীমানা বন্ধের উদ্বেগ নিয়ে ভারত ছাড়েন তিনি।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও নিজ দেশের খেলোয়াড়দের আইপিএল ছাড়ার বিষয়ে তেমন উদ্বেগ প্রকাশ করেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। গভর্নিং বডির হস্তক্ষেপ ছাড়াই ব্যক্তিগত সিদ্ধান্তে যে কেউ দেশে ফিরতে পারেন, জানান তারা।

তবে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, আইপিএল তত দিন চলা উচিত যত দিন না কভিড-১৯ এই লড়াইয়ে বাধা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত