করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে অক্সিজেনের সংকট না হয়, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন তরল অক্সিজেন ট্যাংক স্থাপনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার ‘বি’ ব্লক, কেবিন ব্লক, ‘সি’ ব্লকসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।
উপাচার্য বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। আশা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট হবে না। বিএসএমএমইউয়ে তরল অক্সিজেন ৫ হাজার লিটার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার লিটারে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের ভারতীয় ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কমপক্ষে দুই সপ্তাহ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত সময়োপযোগী। বিএসএমএমইউ হাসপাতাল ও ক্যাম্পাসে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সড়কের সম্প্রসারণ ও ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে প্রশাসনিক সভা এবং ডা. মিলন হলে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের বিষয়ে আলাদাভাবে দুটি সভায় অংশ নেন।
সভায় আরও ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ।
