আগামী মাসেই সেরাম থেকে টিকা আসবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:১৬ এএম

আগামী মাসেই সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসবে এবং অন্যান্য দেশ থেকে যে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোও আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপিসহ যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বলব, বিভ্রান্তি ছড়ানোর অপরাজনীতি না করে মানুষের পাশে গিয়ে দাঁড়ান।’

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি তে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম সংগঠনকে করোনা সুরক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে বিএনপিসহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী, যারা সরকারের কোনো কাজেই ভালো দেখতে পারে না, তারা করোনা মহামারীর শুরু থেকেই মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা গোপনে নয় প্রকাশ্যেই চালিয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ভারতের টিকা কাজ করবে নাÑএই প্রচারণা আপনারা চালিয়ে ছিলেন। আবার সেই টিকা আসতে যখন একটু দেরি হচ্ছিল, তখন অন্য কথা বলা শুরু করেছিলেন, সুতরাং এই বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রথমে আপনাদের জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর প্রমুখ।

করোনা সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার ও অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত