করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমে বিঘœ ঘটায় বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করতে বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০২০ সালের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪০ ধারার বিধান অনুযায়ী, হিসাব বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হয়। বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে সর্বোচ্চ দুই মাস অতিরিক্ত সময় নিতে পারে ব্যাংকগুলো। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। সেই হিসেবে এপ্রিল মাসের পর ২০২০ সালের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ থাকে না।
তবে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে প্রায় এক মাস ধরে একের পর এক চলাচলে বিধিনিষেধ আরোপ করছে সরকার। এই সময়ে ব্যাংক সীমিত পরিসরে লেনদেন চালু রাখলেও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। এ কারণে সব ব্যাংকের আর্থিক প্রতিবেদন জমার জন্য আরও দুই মাস বাড়তি সময় দেয় কেন্দ্রীয় ব্যাংক।
