বোরকা নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। গত মঙ্গলবার ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, কলম্বো এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি তোলেনশ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। নিজের ফেইসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বোরকাকে ধর্মীয় চরমপন্থার চিহ্ন হিসেবে আখ্যায়িত করেছেন মন্ত্রী সারাথ বীরাসেকারা।
গত মাসে টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাদ খট্টক। তিনি বলেন, বোরকার ওপর এই নিষেধাজ্ঞার ফলে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানবে। প্রসঙ্গত, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় প্রায় ৯ শতাংশ মানুষ মুসলিম।
এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা। তিনি বলেন, ‘মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন সংক্রান্ত খসড়া কমিটির কাছে যাবে। সেখান থেকে এটি পার্লামেন্টে পাঠানো হবে।’
পার্লামেন্টের অনুমোদন পেলেই প্রস্তাবটি আইনে পরিণত হবে। তবে শ্রীলঙ্কার পার্লামেন্টে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি পাসের জন্য তাদের কোনো বেগ পেতে হবে না।
২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলায় ২৬০ জন নিহত হওয়ার পর বোরকা সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল সরকার।
