টিকা নিয়ে চীনের সঙ্গে চুক্তি অনেকদূর এগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৭:০০ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা নিয়ে চীনের সঙ্গে চুক্তির বিষয়টি অনেকদূর এগিয়েছে। চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা আমদানির জন্য শিগগিরই একটি চুক্তি হবে। গতকাল বুধবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ১৫০ শয্যার অ্যাজমা সেন্টারে কভিড ইউনিট উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। চায়নার সঙ্গেও চিঠিপত্র আদান-প্রদান করেছি। অল্প সময়ের মধ্যে আমরা সিনোফার্মের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারব।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে যেন আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাই। সে বিষয়ে প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন, বেক্সিমকো তাগিদ দিচ্ছে। আমাদের পক্ষ থেকেও যতটুকু তাগিদ দেওয়া সম্ভব আমরা দিচ্ছি।’

চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও গত চার মাসে দুই চালানে পাওয়া গেছে মোট ৭০ লাখ ডোজ। নিজেদের চাহিদা মেটাতে ভারত রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশের বাকি টিকা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বক্ষব্যাধি হাসপাতালে কভিড ইউনিট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল, এখানে চিকিৎসার উন্নত যন্ত্রপাতি আছে। এই হাসপাতালে যারা আছেন, তারা প্রশিক্ষিত, সাহসী। তারা আরও ভালো সেবা দিতে পারবেন।’

দেশে মার্চের শুরু থেকে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ আবার খানিকটা কমে আসার তথ্য তুলে ধরে এ অবস্থান ধরে রাখার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা খেয়াল করেছি রোগী কমে এসেছে। বর্তমানে প্রায় অর্ধেক শয্যা খালি আছে। অর্থাৎ চাপ কমে গেছে। এর পেছনে অনেক কারণ আছে। লোকজন মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে। এছাড়া লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বের হয়েছে কম। এ কারণে হয়তো এটা হয়েছে। এটা আমাদের জন্য আশার আলো।’

স্বাস্থ্যবিধি না মানলে আবার সংক্রমণ বাড়তে যে ‘সময় লাগবে না’, সে বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই না সে ধরনের পরিবেশ তৈরি হোক।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত