কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মুলাম সর্দার (৩৬) নামে এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া-রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনায় মৃত মুলাম সর্দার উপজেলার নওদাগ্রামের বাসিন্দা মৃত আনসার আলী সর্দারের ছেলে। তিনি তালবাড়ীয়া বালি ঘাটের বালি ব্যবসায়ী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র ও নিকটস্থ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই ইশারত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বালিঘাট থেকে মোটরসাইকেলযোগে মুলাম তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মহাসড়কের সাইড রোড থেকে মোটরসাইকেলটি মহাসড়কে উঠা মাত্রই বিপরীত দিক থেকে ঈশ^রদীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়; এতে মুলাম ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে ঘটনার পরই ট্রাকটি দ্রুতগতিতে চলে যাওয়ায় সেটা শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।
