মোদির ‘পদত্যাগের হ্যাশটাগ’ নিয়ে বিভ্রাটে ফেইসবুক

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০২:২৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চেয়ে চালু হওয়া একটি হ্যাশট্যাগ প্রথমে বন্ধ করে দিয়ে পরে আবার অনুমতি দিয়েছে ফেইসবুক।

কীভাবে হ্যাশট্যাগটি বন্ধ হয়েছিল তা নিয়ে ফেইসবুক নিজেরাও অন্ধকারে। বৃহস্পতিবার তারা জানিয়েছে, সম্ভবত ভুল করে এটি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভারতে করোনা সঙ্কট যে ভয়াবহ আকার ধারণ করেছে এবং তার প্রকোপে স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপর্যয় নেমে এসেছে, তার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন ভারতের সাধারণ মানুষের একটা বড় অংশ। ব্যর্থতার দায় নিয়ে মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে বলে দাবি তুলে নেটমাধ্যমে #রিজাইনমোদি লিখে পোস্ট করছেন তারা।

বুধবার সকাল থেকে টুইটার এবং ফেসবুকে অন্যতম জনপ্রিয় হ্যাশট্যাগ হিসেবে উঠে এসেছিল সেটি। বৃহস্পতিবার সকালে এই প্রতিবেদন লেখার সময়ও টুইটারের হ্যাশট্যাগের তালিকায় শীর্ষে রয়েছে এই এটি।

কিন্তু বুধবার বেশ কিছু সময়ের জন্য ফেইসবুক ওই হ্যাশট্যাগ বন্ধ করে দেয়।

শুধু তাই নয়, ওই হ্যাশট্যাগ দেওয়া সব পোস্টও সরিয়ে নেওয়া হয়। বলা হয়, ওই হ্যাশট্যাগ ফেইসবুকের নীতির পরিপন্থী। তার জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য ওই হ্যাশট্যাগ দেওয়া কোনো লেখা পড়া যাচ্ছিল না।

এ নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করলে ফেইসবুকের বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। কেন্দ্রীয় সরকারের ‘নির্দেশে’ ফেইসবুক কর্তৃপক্ষ তাদের বাক্ স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তারা।

প্রায় ঘণ্টা তিনেক পর ওই হ্যাশট্যাগ দেওয়া লেখা ফের নজরে আসতে শুরু করে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়ে ফেইসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, ‘ভুলবশত সাময়িকভাবে ওই হ্যাশট্যাগ আটকে দেওয়া হয়েছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত