বাংলাদেশকে হতাশ করে প্রথম দিনেই শ্রীলঙ্কা ২৯১/১

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৬:১৩ পিএম

পাল্লেকেলেতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামা দলটা মাত্র ১ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে।

বাংলাদেশের পক্ষে দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নে এদিন ১১৮ রান করে থামেন। চা বিরতির পর শরিফুলের শিকার হওয়ার আগে লঙ্কান অধিনায়ক শক্ত ভিত দিয়ে যান দলকে। থিরিমান্নেকে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ২০৯ রান।

করুনারত্নে ফেরার পর ওশাদা ফার্নান্দো উইকেটে আসেন। দ্বিতীয় উইকেটে থিরিমান্নের সঙ্গে ৮২ রানের জুটি হয়ে গেছে তার। থিরিমান্নে ১৩১ ও ওশাদা ৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

দিনের শেষ ওভারে অবশ্য খানিক আশার ঝিলিক দেখা দেয় বাংলাদেশ শিবিরে। শরিফুলের বলে সেঞ্চুরিয়ান থিরিমান্নেকে এলবিডব্লিউ দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউ নিয়ে বেঁচে যান থিরিমান্নে।

এদিন করুনারত্নের সঙ্গে তার উদ্বোধনী জুটিটি শ্রীলঙ্কার পক্ষে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। থিরিমান্নে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরি। আর করুনারত্নে পেয়েছেন দ্বাদশ টেস্ট সেঞ্চুরি।

একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। এই ম্যাচটা তাই সিরিজ নির্ধারনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত