নির্মাতাদের অর্থ আয়ের সুযোগ করে দিতে নতুন ফিচার আনছে ইন্সটাগ্রাম। এই ফিচারের একটি হবে মার্কেটপ্লেসের মতো। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো কনটেন্ট নির্মাতাদের সঙ্গে জোট বাঁধতে পারবে। ইন্সটাগ্রামে আগে থেকে স্পনসরড কনটেন্ট থাকলেও নতুন মার্কেটপ্লেস ফিচারটির মাধ্যমে ব্র্যান্ডগুলোকে উদীয়মান নির্মাতাদের খুঁজে পেতে সাহায্য করা হবে। এ তথ্য জানিয়েছেন ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি।
সিএনবিসি’র এক প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রিয়েটর শপ’ নামেও নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ওই ফিচারের সাহায্যে সরাসরি নিজ প্রোফাইল থেকে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন নির্মাতারা। ব্যাপারটি সাধারণ নির্মাতাদের জন্য নতুন হলেও তারকাদের জন্য পুরনো। মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের ইন্সটাগ্রাম প্রোফাইলে আগে থেকেই এরকম একটি অপশন রয়েছে।
‘এ বিষয়টি গত বছর থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লকডাউনে অনেক বাহ্যিক বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে গেছে, কিন্তু অনলাইন খোলা রয়েছে।’– বলেছেন জাকারবার্গ। বাড়তি হিসেবে ‘অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস’ আনার ঘোষণা দিয়েছেন তিনি। এতে নিজের কনটেন্টে পণ্যের সুপারিশ করে অর্থ আয়ের সুযোগ তৈরি হবে নির্মাতাদের জন্য। তবে কবে নাগাদ এই ফিচার ইন্সটাগ্রামে যুক্ত হতে পারে সে ব্যাপারে ফেইসবুক কর্র্তৃপক্ষ কিছু জানায়নি।
