ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে’র পরিবর্তে আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

মহামারীর মধ্যে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ৮ থেকে ৩১ মার্চ অনলাইনে আবেদন করেন। ১ মে বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাওয়ার কথা ছিল। এখন পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে। এছাড়া ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত