স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে অবহেলার ফলাফল করোনায় ভোগ করতে হচ্ছে। করোনা মহামারীতে আমরা কতটা অসহায়, সেটা দেখেছি। শুধু বাংলাদেশ নয়,পৃথিবীর কোনো দেশই স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়নি। স্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় লকডাউন একমাত্র সমাধান নয়। এটা স্বল্পতম সময়ের জন্য প্রযোজ্য। তাছাড়া লকডাউনে মানুষের নানা সমস্যা হয়। করোনা মোকাবিলায় দীর্ঘমেয়াদি উপায়গুলো নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের বাজেট জিডিপির মাত্র ০.৯%। আমরা কাজ করছি জিডিপিতে এটাকে ৯/১০ ভাগ করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই আন্তরিক। স্বাস্থ্য খাতের উন্নয়নে আমরা কাজ করছি। করোনা মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও ভালো কাজ করছে। তারা আলাদা করে বড় একটি করোনা ইউনিট স্থাপন করেছে। এখানে টিকা কার্যক্রমও সফলতার সঙ্গে চলছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গবেষণার মাধ্যমে করোনা থেকে মুক্তির দীর্ঘতম সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে উঠেছে। আগামী দিনে শুধু দেশে নয়, সমগ্র বিশ্বে এই বিশ্ববিদ্যালয় চিকিৎসা, শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। বিশ্বদরবারে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার মানদণ্ডে রোল মডেলে পরিণত করতে এখানে কর্মরত সবাইকে প্রস্তুতি নিতে হবে। চিকিৎসার জন্য রোগীদের যাতে দেশের বাইরে যেতে না হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সে জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
