করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি সপ্তাহেই তার গুলশানের বাসভবনে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল রবিবার দেশ রূপান্তরকে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘বেশ ভালো’ আছে। আগামী দুই এক দিনের মধ্যে করোনার তৃতীয় পরীক্ষা হবে তার।
ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, অনেকটাই ভালো। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ গতকাল তিনি জানান, আজ সোমবার বা পরশু মঙ্গলবার খালেদা জিয়ার করোনার তৃতীয় পরীক্ষা হতে পারে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়ার বাসায় মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে আগে ৫ জনের নেগেটিভ হয়। খালেদা জিয়াসহ বাকি ৪ জন পজিটিভ ছিলেন। শুক্রবার খালেদা জিয়া ছাড়া সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তারপর তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। তারপর তাকে আবার বাসায় নেওয়া হয়। এরপর বুধবার খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নন-কভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
