বছরে ১০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে ই-ক্যাব সদস্যরা

আপডেট : ০৩ মে ২০২১, ০৫:৫৭ এএম

আন্তর্জাতিক পর্যায়ে ই-কমার্স ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এ খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রবিবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের চলতি হিসাবের যৌক্তিক ব্যয় বিদেশে পাঠানোর সুযোগ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এ সুবিধার আওতায় ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান বছরে ১০ হাজার ডলার বৈদেশিক ব্যয় নির্বাহ করতে পারবে।

সার্কুলারে বলা হয়, বাৎসরিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে ২ হাজার ডলারের আন্তর্জাতিক ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলো। এসব কার্ডে পুনরায় বৈদেশিক মুদ্রা ভর্তি করা যাবে। তবে কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে পাঠানো অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ১০ হাজার ডলারের বেশি হতে পারবে না বলে সার্কুলারে নির্দেশনা রাখা হয়েছে।

বাৎসরিক কোটার আওতায় বিদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, করাদি বা ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশ, প্রভৃতি বিষয় পরিপালনের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমানে ই-কমার্স ব্যবসা আর স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ নেই। গোটা বিশ্বই এখন ই-কমার্সের বাজার। এ পরিস্থিতিতে বিদেশি রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়াতে অনেক দিন ধরেই আমরা ই-ক্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে আসছিলাম। আমাদের পাশর্^বর্তী দেশ ভারতে ই-কমার্স প্রতিষ্ঠানের বছরে ২৫ হাজার ডলার বিদেশে রেমিট্যান্স পাঠানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে সুযোগ দিয়েছে আমরা এর জন্য তাদের ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত