টস হেরেই ম্যাচ অর্ধেক হেরে গেছি : মুমিনুল

আপডেট : ০৪ মে ২০২১, ০৩:৫৯ এএম

জয় বা ম্যাচ বাঁচানোর কোনো সম্ভাবনাই সত্যি হলো না। এক সেশনেই সব আশার জলাঞ্জলি দিয়ে ২০৯ রানে হেরে গেল বাংলাদেশ। অভিষিক্ত শ্রীলঙ্কান স্পিনার প্রাভিন জয়াবিক্রমার ইতিহাস গড়া পারফরম্যান্সে শ্রীলঙ্কার এই বড় জয়। লঙ্কার প্রথম এবং ক্রিকেট ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে অভিষেকে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২২ বছর বয়সী এই তরুণ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া জয়াবিক্রমা দ্বিতীয়টিতে নিয়েছেন ৮৬ রানে ৫টি। এতে ৪৩৭ রানের পিছু ছোটা বাংলাদেশ ২২৭ রানেই থেমেছে। দুই ম্যাচের সিরিজে ১-০ টেস্টে হার। এই ম্যাচ দিয়ে শেষ হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র। এতে ৭ টেস্ট খেলা বাংলাদেশের এটি ষষ্ঠ হার। ড্র থেকে পেয়েছে ২০ পয়েন্ট।

হারের ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক মুমিনুল হকের আঙুল টসের দিকে। দিমুথ করুনারতেœর কাছে টস হারেই ম্যাচের ৫০ শতাংশ হেরে গেছেন বলে জানান, ‘এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। দেখুন, প্রথম দুই দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না। আমার মনে হয়েছে, এই ম্যাচটার ৫০ শতাংশ ফলাফল টসের সময়েই নির্ধারণ হয়ে গিয়েছিল।’ এ ছাড়া দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে আড়াইশো রানে অলআউট হওয়া হারের আরেকটা কারণ হিসেবে দেখছেন অধিনায়ক, ‘আপনি যখনই আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করবেন, তখন আপনার ওপরে চাপ থাকবেই। এই চাপ আপনাকেই সামলাতে হবে এবং চাপ সামলেই ভালো করতে হবে। প্রথম ম্যাচে সবাই যেভাবে অবদান রেখেছিল আমি খুশি হয়েছিলাম। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যখন কেবল আড়াইশো রান করলাম আমরা, তখনই ম্যাচ অর্ধেক হেরে গিয়েছিলাম। প্রথম ইনিংসে আমাদের আরও ভালো ব্যাটিং করতে হতো।’

প্রতি টেস্টের পরেই আক্ষেপ ও হতাশা প্রকাশ করতে হয় ব্যাটিং নিয়ে। আরও ভালো ব্যাট করতে না পারা প্রতিবারই বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্তরায়। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে লঙ্কায় যাওয়া মুমিনুল এবার জানালেন জয়ের অভ্যাস তৈরি হতে আরও সময় লাগবে, ‘দেখুন টেস্ট ক্রিকেটটা আসলে... যেটা আমি মনে করি ওয়ানডে ক্রিকেট কিন্তু ভিন্ন। টেস্টে একটু সময় লাগে, বেশি সুযোগ দিতে হয়। যেকোনো জুনিয়র ক্রিকেটারের জন্য টেস্ট কঠিন, এখানে অভিজ্ঞতাটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যারা ধারাবাহিক হতে পারছে না তারা যদি আরেকটু সুযোগ পায় তাহলে ভালো হয়। এটা নিয়ে আমার ভাবনার কিছু নেই, ওরাই জানে ওদের কী করতে হবে। তো আশা করি যে বিষয়টা উঠে আসছে সেটা অবশ্যই পূরণ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত