স্পিডবোট ডুবিতে ২৬ মৃত্যুর তদন্ত শুরু

আপডেট : ০৪ মে ২০২১, ০৬:০৭ পিএম

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের দুর্ঘটনায় ২৬ মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার নৌ পরিবহন অধিদপ্তরের তদন্ত কমিটি ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করে।

অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমদাদুল হকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করে মঙ্গলবার দুপুরে।

কমিটির অপর দুই সদস্য হলেন ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. শাহরিয়ার হোসেন ও পরিদর্শক  আমির হোসেন ভূঁইয়া।

এর আগে  মঙ্গলবার সকালে চালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শিবচর থানায়। কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে বোটের চালক শাহালম, মালিক চান্দু ও রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমদাদুল হক বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে আমাদের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ঘটনার কারণ ও ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করব।

সোমবার সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত