শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেদের তৈরির জন্য তেমন সময় পাবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দিন দুয়েকের মধ্যেই ‘বিশেষ ব্যবস্থায়’ দেশে ফেরার কথা তাদের। তবে ফিরেই ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে তাদের। এ ক্ষেত্রে কোনো ছাড় পাচ্ছেন না তারা।
এদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২৩ মে। অর্থাৎ দু-এক দিনের মধ্যে ফিরলেও তেমন কোনো প্রস্তুতি ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হবে তাদের।
সাকিব ও মোস্তাফিজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করে বাসায় কোয়ারেন্টিনে থাকার অনুমতি দেওয়া যায় কি না, জানতে চেয়ে বিসিবি চিঠি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরে।
তবে অধিদপ্তর এ ক্ষেত্রে ‘না’ বলে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ‘তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতেই হবে। বিসিবি আমাদের কাছে আবেদন করেছিল (ছাড়ের জন্য), কিন্তু আমরা না বলে দিয়েছি। কারণ আইন অনুযায়ী সবাইকেই কোয়ারেন্টাইন করতে হবে।’
ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের ফিরতেও হবে বিশেষ ব্যবস্থায়। সেটি নিজ দায়িত্বে করার কথা থাকলেও বিসিবি সহায়তা করবে বলে জানিয়েছে। যত দূর জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে এই দুই ক্রিকেটার কোনো একটি স্থলবন্দর দিয়ে ফিরতে পারেন।
আইপিএলে সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। দুজনই আইপিএলের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন।
