জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে বৈঠক করেছেন সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। স্থানীয় সময় গত সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া তিনি দেশটির কমান্ডার আর্মি এবং ভারপ্রাপ্ত কমান্ডার এয়ার ফোর্সের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে আরও জানানো হয়, জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময় দু’দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী জাম্বিয়া। তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
পরে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়ার সেনা সদর দপ্তরে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেনারেল সিকাজওয়ে জেনারেল আজিজ আহমেদের প্রতি তার আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, উভয় দেশের সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে যা উভয়ের জন্য উপকারী হবে। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ২ এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় ‘অন অ্যারাইভাল’ ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে, এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।
পরে বিকেলে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়ার বিমানবাহিনীর সদর দপ্তরে দেশটির এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্দার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি চৌকস দল কর্র্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনী প্রধান জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আগামীকাল বৃহস্পতিবার তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
