পদ্মা সেতুর রেল প্রকল্প

৫১ দিন আগেই শেষ ভায়াডাক্ট-২ গার্ডার বসানোর কাজ

আপডেট : ০৫ মে ২০২১, ০৭:০৭ এএম

নির্ধারিত সময়ের ৫১ দিন আগেই শেষ হলো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ (নদীর দুই পাড়ে স্থলভাগে সেতুর অংশ)-এর সেগমেন্টাল গার্ডার বসানোর কাজ। গতকাল মঙ্গলবার পিয়ার এম ১ ও পিএন ১-এর ওপর বক্স গার্ডারের শেষ স্প্যান বসানোর মাধ্যমে এ কাজ শেষ হয়।

গতকাল শেষ স্প্যান বসানোর সময় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী ডি এন মজুমদার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব ও পিবিআরএলপির প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন এ. চৌধুরী, ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট কনসোর্টিয়ামের চিফ কো-অর্ডিনেটর অফিসার (সিওও) মেজর জেনারেল জাহিদ এবং চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের (সিআরইসি) প্রকল্প পরিচালক ওয়্যাং কুন।

এ সময় রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘মাওয়া, ভাঙ্গা, শিবচর ও জাঞ্জিরায় স্টেশন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ভাঙ্গায় জংশন স্টেশন হবে এবং রেললাইনের মাধ্যমে চারটি গন্তব্যকে সংযুক্ত করবে। বিদ্যমান পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে আমরা এটিকে একটি আইকনিক স্টেশনে পরিণত করব। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ শেষ করছে বলে আমি আমাদের কনস্ট্রাকশন গ্রুপ সিআরইসিকে ধন্যবাদ জানাতে চাই। বৈশ্বিক মহামারীর আঘাত সত্ত্বেও তাদের কাজ ও ধারাবাহিকতা নিয়ে আমরা সন্তুষ্ট। এজন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিআরইসিকে প্রশংসাপত্র দিতে পেরে আমি আনন্দিত।’

রেলপথমন্ত্রী আরও বলেন, ‘মানুষের স্বপ্নের পদ্মা সেতু দেশের অনেক বড় অর্জন। এটি দেশের একটি বৃহৎ সামর্থ্য। আগামী বছর যখন পদ্মা সেতু চালু হবে একই দিনে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।’

সিআরইসির প্রতিনিধি ওয়্যাং কুন বলেন, ‘সিআরইসি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছে। এর মধ্যে ছিল প্রকল্পের প্রাথমিক পর্যায়ে ভূমি অধিগ্রহণ, নকশার অনুমোদন ও পেমেন্ট প্রদানে দেরি হওয়ার ফলে প্রকল্পের কাজে দেড় বছরের কালক্ষেপণ। পাশাপাশি আরও ছিল বৈশ্বিক মহামারী ও বন্যার ফলে সৃষ্ট প্রতিকূলতা। এরপর শুরু হয় পাইলিংয়ের  কাজ। ২০২০ সালের ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে বক্স গার্ডার নির্মাণকাজের পূর্ণ বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ ভায়াডাক্ট নির্মাণে সময় লেগেছে মাত্র দেড় বছর। পিএমবিপির কারণে ক্ষতিগ্রস্ত স্প্যান ছাড়া ভায়াডাক্ট-৩-এর শেষ স্প্যানও কয়েক সপ্তাহের মধ্যে বসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত