রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২১, ০৩:০১ এএম

চাচির লাশ দেখে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রুবাইয়াত আফরোজ সেঁজুতি (১৫) নামে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা-সাতেঙ্গা সড়কের সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সেঁজুতি ওই উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন মাস্টারের মেয়ে ও স্থানীয় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় নামাজে সেজদারত অবস্থায় সেঁজুতির চাচি নাসিমা আক্তার (৪৫) মারা যান। গতকাল বেলা ১১টার দিকে চাচির লাশ দাফন শেষে অটোরিকশায় করে মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল সেঁজুতি। পথে ভালুকা-সাতেঙ্গা সড়কের সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র চলন্ত অটোরিকশায় নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সেঁজুতি। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সেঁজুতির সহপাঠী সুমাইয়া আক্তার জানায়, সেঁজুতি খুবই নম্র, ভদ্র ও মেধাবী ছাত্রী ছিল। সে অল্পতেই সবার সঙ্গে মিশতে পারত। তার মৃত্যুর সংবাদটি শুনে শেষবারের মতো একবার দেখার জন্য তার বাড়িতে তার সহপাঠীরা ভিড় জমায়। সেঁজুতির বাবা রুহুল আমীন মাস্টার বলেন, ‘দুই দিন আগে ঈদের নতুন জামা নিজে পছন্দ করে কিনে আনে আমার মেয়ে।’ এ জামা এখন কে পরবে বলে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত