নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজতে ইসলামের ডাকা হরতালে ভাঙচুর ও নাশকতার মামলায় রাকিব হোসেন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তিনি বলেছেন, ‘স্থানীয় এক বিএনপি নেতা তিনশত টাকা দিয়ে তাকে ভাড়া করে পিকেটিং করিয়েছে।’ মামলার তদন্ত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ূন কবীরের আদালতে জবানবন্দি দেন রাকিব হোসেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মনিরুজ্জামান জানান, বিকেলে আদালতে দেওয়া জবানবন্দিতে রাকিব হোসেন নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ভাঙচুর ও নাশকতা চালাতে তিনশত টাকায় তাকে স্থানীয় বিএনপি নেতা কাজী তাজ ভাড়া করেন।
