চীনের সিনোফার্মের টিকা অনুমোদন পেল ডব্লিউএইচওর

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:৫৫ এএম

চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনার কোনো টিকা এই প্রথম ডব্লিউএইচওর অনুমোদন পেয়েছে বলে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

তবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অর্ধশতাধিক দেশ ইতিমধ্যে সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। গত ২৯ এপ্রিল সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই চীন সরকারের উপহার হিসেবে এই টিকার পাঁচ লাখ ডোজ দেশে আসছে। তার আগে রাশিয়ায় তৈরি স্পুৎনিক ভি টিকাও বাংলাদেশে অনুমোদন পায়।

গতকাল সিনোফার্মের টিকার অনুমোদন দেওয়ার কথা জানিয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস’ ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই টিকার দুই ডোজ সুপারিশ করেছে।

সিনোফার্মের ভাষ্য, পরীক্ষামূলক প্রয়োগে তাদের টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। তবে এ টিকার কার্যকারিতার হার এবং ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য নিয়ে ‘অস্বচ্ছতার’ অভিযোগ অনেক দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় রয়েছে। ডব্লিউএইচওর অনুমোদনের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে সিনোফার্মের টিকার অন্তর্ভুক্তির অনুমোদন পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত