খালেদাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৪৩ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদৌ বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন আছে কি না সেটিই এখন বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি কেন যে তাকে বিদেশ নিয়ে যেতে চায় সেটি বোধগম্য নয়। কারণ দেশেই তো বেগম খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন। যেসব দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারীতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।’ গতকাল শনিবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ট্রেজারার এমএ ছালাম ও করোনাকালে ভূমিকা রাখা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। 

দেশের দু’বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উল্লেখ করে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা, এটিই আমাদের কাম্য। বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসাসেবা পান সেটির জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত নির্দেশনা দিয়েছেন। তিনি (খালেদা জিয়া) সর্বোচ্চ চিকিৎসা সুবিধা এখন বাংলাদেশে পাচ্ছেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং দেখতে পাচ্ছি বিএনপি সারা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়, এ নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তাদের সমস্ত চিন্তা এখন কেন্দ্রীভূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। বেগম খালেদা জিয়ার তাপমাত্রা আছে কি নাই, এটি কত ডিগ্রি আছে, হাঁটুর ব্যথা আছে কি নাই এটার মধ্যেই বিএনপির রাজনীতিটা এখন সীমাবদ্ধ।’

বাংলাদেশে তিন প্রকারের বিশেষজ্ঞ আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘একটা হচ্ছে সত্যিকারের বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ, আর কিছু বিশেষজ্ঞ আছে সব বিষয়ে বিশেষজ্ঞ। যেমন উনি পড়েছেন রাজনীতি আবার তিনি অর্থনীতির বিশেষজ্ঞ, উনি পড়েছেন আইন কিন্তু উনি আবার পরিবেশ বিশেষজ্ঞ। এভাবে কিছু বিশেষজ্ঞ আছে যারা সব বিষয়ে বিশেষজ্ঞ।’

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সংবর্ধিত অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ট্রেজারার এমএ ছালাম, জেলা ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খাঁন ও সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত