বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৫৫ এএম

বকেয়া বেতন, ঈদের ছুটি তিন থেকে বাড়িয়ে সাত দিন করা ও দূরপাল্লার বাস চালুর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

গতকাল শনিবার সকাল থেকে মিরপুর ১০ ও ১৪ নম্বর এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি গাড়ি ও কারখানার কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর ১টায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

শ্রমিকরা বলছেন, ছুটি বাড়লে তারা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যেতে পারবেন। এ এলাকায় প্রায় ৩০টি তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানা গেছে।

মিরপুর ১৪-এর হা-মীম গার্মেন্টস কারখানার বিক্ষোভকারী এক শ্রমিক বলেন, প্রতি ঈদে আমাদের ৮ থেকে ১০ দিন ছুটি থাকে। শুধু ঈদের ছুটিতেই আমি গ্রামের বাড়িতে যেতে পারি। অথচ এবার ছুটি দেওয়া হয়েছে মাত্র তিন দিন। যেন বাড়িতে যেতে না পারি, সে জন্য গত মাসের বেতনও আটকে রাখা হয়েছে।

মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মেজবাহ উদ্দিন বলেন, কাফরুল এলাকার কয়েকটি পোশাক কারখানার কর্মীরা মিলে সকাল ১০টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নিলে রাস্তা আটকে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত