জাকাতের কাপড় নিতে গিয়ে পাবনায় দুই ভিক্ষুকের মারামারি ও ছুরিকাঘাতে এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন। তার নাম আহ্লাদী খাতুন (৪৫)। গতকাল শনিবার সকালে শহরের দিলালপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আসমা খাতুন নামের এক ভিক্ষুক জানান, ঈদ উপলক্ষে দিলালপুর মহল্লার বড়বাজারসংলগ্ন পানির ট্যাংক এলাকার একটি বাড়ির সামনে জাকাতের কাপড়ের জন্য কয়েকজন ভিক্ষুক জড়ো হন। এ সময় ভিক্ষুক আহ্লাদীর সঙ্গে আরেক নারী ভিক্ষুকের বাগবিত-া শুরু হয়।
একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হলে পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে আহ্লাদীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, শবেবরাতের রাতে ওই নারী ভিক্ষুকের সঙ্গে ভিক্ষুক আহ্লাদীর কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে হত্যাকারীকে চিহ্নিত করা হচ্ছে।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
