চলছে ‘লকডাউন’। তারপর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বাইরের খাবার নিরাপদ নয়। এই রমজানে সহজলভ্য উপকরণ দিয়ে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর ইফতার। রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
কাবাব চাট
উপকরণ
বিফ শামি কাবাব ১০ পিস, সেদ্ধ আলু কিউব করে কাটা ২ কাপ, টালা জিরার গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, টক দই সিকি কাপ, ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ সিকি কাপ, চাট মসলা ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভাজা মরিচের গুঁড়ো ১ চা চামচ, টমেটো ও শসা কিউব কাট সিকি কাপ, চিনি ১ টেবিল চামচ, ঝুরি ভাজা সিকি কাপ, তেল আধা কাপ।
তৈরির পদ্ধতি
কাবাব স্যালফ্রাই করে নিন। ব্লেন্ডারে টক দই, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা মরিচ, চিনি ও লবণ ব্লেন্ড করে পুদিনার চাটনি বানিয়ে নিন। পাত্রে তেঁতুলের ক্বাথ, চাট মসলা, কাঁচা মরিচ কুচি, ভাজা মরিচের গুঁড়ো, চিনি ও লবণ দিয়ে মিশ্রণ বানান। পরিবেশন পাত্রে সেদ্ধ আলুর মিশ্রণ দিন। ওপরে পুদিনা পাতার চাটনি দিয়ে ভেজে রাখা কাবাবগুলো হাত দিয়ে আধা ভেঙে দিন। শেষে টমেটো, পেঁয়াজ, শসা, পুদিনা পাতার চাটনি ও ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করুন।
কাঁকরোলের বড়া
উপকরণ
কাঁকরোল ৪টি, চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ, ধনেগুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ। বেসনের গোলা তৈরি : বেসন আধা কাপ, ময়দা আধা কাপ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ
১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ।
তৈরির পদ্ধতি
কাঁকরোলকে মাঝ বরাবর কেটে ভেতরের সব বিচি বের করে নিয়ে পরিমাণমতো লবণপানিতে তিন মিনিট সেদ্ধ করে নিন। পাত্রে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এর মধ্যে ধনেপাতা কুচি বাদে সব উপকরণ দিয়ে একটু কষিয়ে নিন। হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। কাঁকরোলে রান্না করা পুর ভরে নিন। বেসনের সঙ্গে সব উপকরণ ও পরিমাণমতো পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার পুরভরা কাঁকরোল মিশ্রণে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।
শাহি টুকরো
উপকরণ
পাউরুটি ৬ পিস, দুধ ২ কাপ, ক্রিম আধা কাপ, কনডেন্সমিল্ক সিকি কাপ, কেওড়া জল আধা চা চামচ, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি সিকি কাপ, ঘি আধা কাপ।
তৈরির পদ্ধতি
চুলায়ে দুধ দিয়ে নাড়তে থাকুন। বলগ এলে কনডেন্সমিল্ক দিয়ে দিন। দুধকে কমিয়ে অর্ধেক করুন এবং ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে বাদাম কুচি ও কেওড়া জল মিশিয়ে নিন। পাউরুটি ইচ্ছামতো কেটে ঘি দিয়ে লালচে করে ভাজুন। পরিবেশন পাত্রে পাউরুটি দিয়ে এর ওপর দুধের মিশ্রণ ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।
