ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫২ রান খরচায় ৫ উইকেট পেলেন শাহিন শাহ আফ্রিদি। এই পেসারের এমন নজিরের দিনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১৪৭ রানে হারাল পাকিস্তান। সেই সঙ্গে ২-০ তে জিতে নিলে সিরিজ।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে দিনের শুরুতেই জয় তুলে নেয় পাকিস্তান। জয়ের জন্য মাত্র এক উইকেটের অপেক্ষা ছিল দলটির। ২০ মিনিটের মধ্যেই যা পেয়ে যায় সফরকারীরা। লুক জঙ্গুয়েকে (৩৭) তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টেনে দেন শাহিন আফ্রিদি। ২৩১ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।
পাকিস্তান ৮ উইকেটে ৫১০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল।
পাকিস্তানের পক্ষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন আবিদ আলি। ২১৫ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া আজহার আলি ১২৬ ও নোমান আলি ৯৭ রান করেন।
জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুঁড়িয়ে দিতে বড় অবদান রেখেছেন হাসান আলি। ১৩ ওভার বল করে ২৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ১০ উইকেট ভাগ করে নিয়েছেন শাহিন আফ্রিদি ও নোমান আলি। আগের দিনই ৫ উইকেট শিকার করেন নোমান।
ম্যাচসেরা হয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া আবিদ আলি। সিরিজ সেরা হয়েছেন হাসান আলি।
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস ও ১১৬ রানে জয় পেয়েছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সফরকারীরা জিতেছিল ২-১ এ।
