প্রাইভেট কারে যাত্রী তুলে জিম্মি করে মুক্তিপণ আদায়

আপডেট : ১১ মে ২০২১, ০৪:০৮ এএম

দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘরমুখো যাত্রীরা ভাড়া করছেন প্রাইভেট কার ও মাইক্রোবাস। আর এ সুযোগ নিচ্ছে একটি চক্র। অসহায় যাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায় তাদের মৌসুমি পেশা। ব্যবহৃত প্রাইভেট কার, টাকা, স্টিলের পাইপ, রশি-দড়িসহ এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যার যার কর্মস্থল থেকে প্রাইভেট কার, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন উপায়ে বাড়ি ফিরছেন। আর এই সুযোগে প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে তুলনামূলক কম ভাড়া চেয়ে মহাসড়ক থেকে যাত্রী তুলে নেয় চক্রটি। পরে সুযোগমতো হাত-পা বেঁধে চালায় অবর্ণনীয় নির্যাতন। পারিবারিক সক্ষমতা অনুযায়ী দাবি করে মুক্তিপণ বা চাঁদা। কাক্সিক্ষত টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ হলে তবেই মুক্তি মেলে জিম্মি ব্যক্তিদের। টাকা আদায় শেষে জিম্মি ব্যক্তিকে ফেলে দেওয়া হয় মহাসড়কের কোনো নির্জন স্থানে।

পুলিশ জানায়, সম্প্রতি মো. ফারুক হোসেন (৪৩) নামে এক যাত্রী প্রতারিত হয়ে আসেন মানিকগঞ্জ থানায়। পেশায় শিক্ষক ফারুক মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজবাড়ী যাওয়ার উদ্দেশে একটি প্রাইভেট কারে ওঠেন। ওঠার পরপরই পাশের সিটে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা হাত-পা বেঁধে মারধর শুরু করে দাবি করে লক্ষাধিক টাকা। আলাদা দুটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পরিশোধের পরই মুক্তি মেলে ফারুকের। তাকে রাজবাড়ী না নিয়ে গাবতলীতে নামিয়ে দেওয়া হয়। ওই ঘটনার অভিযোগ পেয়ে দ্রুত মামলা রুজু করে মানিকগঞ্জ থানা পুলিশ। পরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে যশোরের অভয়নগর এলাকার মো. আবুল বাশার (৪২), নড়াইলের লোহাগড়ার মো. আলীম হোসেন শেখ (৩৫) ও পাবনার সুজানগরের বাবর আলী বাবু (৩২)। তারা শিক্ষক ফারুককে জিম্মি করে টাকা আদায়ের কথা স্বীকার করেছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘কম ভাড়া পেয়ে অথবা কোনো অবস্থায় অননুমোদিত যানবাহন ও অপরিচিত কারও গাড়িতে ভ্রমণ করবেন না। আটকদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত